নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: বুধবার ১৫,এপ্রিল :: পয়লা বৈশাখে বাংলা নববর্ষের সূচনায় বীরভূমের তারাপীঠ মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বছরের প্রথম দিনে মা তারার আশীর্বাদ পেতে ভোর থেকেই দূরদূরান্ত থেকে আগত ভক্তরা ফুল ও পূজার সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন।
প্রতিদিনের মতোই এদিন ভোরে দেবীর স্নান ও মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা। এরপর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহের দ্বার।
বিশেষ এই দিনে মা তারার উদ্দেশ্যে নিবেদন করা হয় বিশেষ ভোগ, যার মধ্যে ছিল ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, বিভিন্ন মিষ্টান্ন, পোলাও, শোল মাছ পোড়া ও পায়েস।
নববর্ষ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীরাও হালখাতা নিয়ে মন্দিরে এসে পুজো দেন, যাতে নতুন বছরটি তাদের ব্যবসার পক্ষে শুভ হয়। এদিন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা-কেও মন্দিরে পুজো দিতে দেখা যায়। ভক্তদের ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের তরফে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
পাশাপাশি, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিও ছিল চোখে পড়ার মতো।

