বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রকৃতির কোলে খোলা আকাশের নীচে পরিবেশ -বান্ধব যোগাভ্যাস “

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ২১,জুন :: প্রকৃতির সাথে একাত্মতা গড়ে তোলার জন্য বিশ্ব যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ” সুস্থ জীবনের জন্য যোগ” এই ভাবনাকে সামনে রেখে

বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রকৃতির কোলে খোলা আকাশের নীচে পরিবেশ -বান্ধব যোগাভ্যাস ” বসুন্ধরা যোগ” বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল।

এটি একটি খুব সুন্দর ধারণা , যেখানে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার সাথে প্রকৃতির নিবিড় সংযোগ স্থাপন করে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই দুই বিষয়ের মেলবন্ধনে আজ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

যেমন প্রথমে ” বন্দে মাতরম” গানের মাধ্যমে শুভ সূচনা করে দিনের শুরুতেই সূর্যের আলো ফোটার সাথেই বদ্ধ ঘরে যোগাভ্যাস না করে খোলা আকাশের নীচে যোগ ও ধ্যানের মাধ্যমে দিন শুরু করা হয়।যোগ শুরুর আগে ও পরে যোগাভ্যাস এর জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লাস্টিক মুক্ত করা হয়।

যোগাভ্যাস এর জন্য প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করে সুতির কাপড়, চট ব্যবহার করা হয়। যোগাভ্যাস এর পর অর্গানিক পদ্ধতিতে চাষ করা নিউট্রিশন বাগানের লেবুর সরবত কাগজের গ্লাসে পরিবেশন ,বাগানের জামরুল গাছের ফল পেড়ে দেওয়া হয় ।

ছোটো করে একটি বনভোজন এর ব্যবস্থা কাগজের পাতায় পরিবেশন করা হয়।যোগ আসনের পর প্রাচীন ভারতীয় সাত্মিক আহার বা অর্গানিক পরিবেশ বান্ধব খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করা হয়।

শেষে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বৃক্ষাসনের সাথে একটি করে গাছ রোপণ করে করে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‌

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – সুস্থ নিরোগ দীর্ঘ জীবনের জন্য যোগ অভ্যাসের বিকল্প কিছু হতে পারে না।

বর্তমানে আমাদের দৈনন্দিন খাবারের সাথে যেভাবে ভেজাল ও রাসায়নিক বিষক্রিয়া আমাদের শরীরে প্রবেশ করছে এবং পরিবেশ দূষণের ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি।

যার ফলশ্রুতিতে আমরা ব্যয়বহুল এলোপ্যাথিক চিকিৎসার কাছে অসহায় আত্মসমর্পণ করছি।এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিবেশ প্রকৃতি সচেতনতা ও সুরক্ষা এবং যোগাভ্যাস এর সাথে

অর্গানিক সাত্মিক আহারের বিষয়ে সচেতন হওয়া আজ খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করেই আমাদের ” বসুন্ধরা যোগ” কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =