বারুইপুরে আবার বাজি বিস্ফোরণ – ঘটনায় আহত মালিকের আত্মীয়া সহ দুই জন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এর চম্পাহাটিতে আবারও বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় দু’জন আহত হয়েছেন।

অভিযোগ, পুকুরে মাছ চাষের আড়ালে লোকালয় থেকে দূরে একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার সেই জায়গাতেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান। আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন, যিনি সংশ্লিষ্ট মালিকের আত্মীয়া বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও দমকলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে তল্লাশি ও তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত দু’জন আহত হওয়ার তথ্যই তাদের কাছে রয়েছে। পাঁচজন আহত বা হতাহত—এমন কোনও তথ্য পুলিশের কাছে নেই।

ঘটনাস্থলে সত্যিই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল কি না, কীভাবে বিস্ফোরণ ঘটল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না—সমস্ত বিষয় খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

এলাকায় কোথাও বেআইনিভাবে বাজি তৈরি বা মজুতের খবর থাকলে দ্রুত পুলিশকে জানানোর আবেদন জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 19 =