নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: মঙ্গলবার ২১,এপ্রিল :: বিধানসভা নির্বাচনে বয়স্ক এবং অসুস্থ ভোটারদের জন্য নির্বাচন কমিশনের নেওয়া ‘হোম ভোটিং’ বা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। বালির সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র এই প্রক্রিয়ায় ব্যালটের সুরক্ষা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।
শঙ্কর মৈত্রের অভিযোগ, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ভোটদান প্রক্রিয়ায় ব্যালট পেপারের গোপনীয়তা বা সুরক্ষা বজায় রাখা হচ্ছে না। তিনি দাবি করেন, ভোটারদের ভোটদানের পর ব্যালটগুলি একটি সাধারণ টিনের বাক্সে রাখা হচ্ছে, যা যথাযথভাবে সিল করা হয়নি।
এমনকি শুরুতে বাক্সের মুখ কেবল তার দিয়ে বেঁধে রাখা হয়েছিল। রাজনৈতিক এজেন্টদের আপত্তিতে পরে একটি সাধারণ তালা লাগানো হলেও সেটি সিল করা ছিল না।
শনিবারের পরিস্থিতি নিয়ে তিনি আরও অভিযোগ করেন যে, ভোটকর্মীদের কাছে কোনো বাক্সই ছিল না। ভোটগ্রহণের পর ব্যালটগুলি সাধারণ খামে ভরে সাধারণ আঠা দিয়ে মুখ বন্ধ করা হয়েছে এবং সেগুলি একটি খোলা ক্যানভাস ব্যাগে বহন করা হচ্ছে।
অতীতে পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এভাবে ব্যালট বদল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও পর্যবেক্ষকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অন্যদিকে, এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানও সামনে এসেছে। তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র জানান, নির্বাচন কমিশন বয়স্ক ও অসুস্থদের সুবিধার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে তা প্রশংসনীয়। তবে ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যালট বক্স বা খামগুলি যাতে সঠিকভাবে সিল করা হয়, সে বিষয়ে তারাও সচেতন।

