নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী বিধানসভা। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে বাসন্তীর আমঝাড়া পোল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী-সমর্থকেরা প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে এলাকায় দলীয় পতাকা টাঙানোর কাজ করছিলেন। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়ে বিজেপি কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এরপরই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে দাবি দলের পক্ষ থেকে। হঠাৎ এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, বাসন্তী অঞ্চলে তৃণমূল নেতা নূর ইলাহি গাজী, যিনি রাজা গাজী নামে পরিচিত, তাঁর নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।
শুধু এই ঘটনাই নয়, গোটা বাসন্তী বিধানসভা জুড়েই পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকাশ সর্দার বলেন, “আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছিলেন। কিন্তু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এসে হামলা চালায়।
ভোট যত এগিয়ে আসছে, ততই বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষ ও পারস্পরিক অভিযোগের মাত্রা বাড়ছে। ফলে নির্বাচনের আগে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর সবার।

