নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: মঙ্গলবার ৪,আগস্ট :: ঘাটালের বিধায়ক শীতল কপাটের জনতার দরবারে অভিযোগ জানিয়ে দ্রুত সাড়া পেলেন ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুপা মুর্মু।
জনতার দরবারে তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও এখনও তাঁদের বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছায়নি।
পাশাপাশি প্রায় ৫০ বছর ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে। বিদ্যুতের অভাবে তাঁর মেয়ের পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রুপা মুর্মুর দাবি, এর আগে একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বিষয়টি শুনেই বিধায়ক শীতল কপাট দ্রুত পদক্ষেপ করেন। বিধায়ক নিজে রুপা মুর্মুর বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এরপর ঘাটাল পৌরসভার চেয়ারম্যান এবং বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত পানীয় জল ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার নির্দেশ দেন।
বিধায়কের এই দ্রুত উদ্যোগে খুশি রুপা মুর্মু ও তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশায় তাঁরা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

