নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৫,জুলাই :: শুক্রবার দুপুর প্রায় ২টো নাগাদ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র-যুব সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডোরিনা ক্রসিং (জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ মোড়)-এ পুলিশের অনুমতি ছাড়াই জমায়েত করেন বলে অভিযোগ।
বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন সংগঠনের পতাকা, ব্যানার ছিল এবং উচ্চ শব্দে মাইক্রোফোন ব্যবহার করে বক্তব্য রাখা হয়। অভিযোগ, সভা থেকে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং ডোরিনা ক্রসিং দখলের চেষ্টা করে।
পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ জনসমাবেশটিকে লাউডস্পিকারের মাধ্যমে বেআইনি ঘোষণা করে এবং বারবার স্থান ত্যাগ ও শান্তি বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে পুলিশের দাবি।
পুলিশের অভিযোগ, নেতাদের নির্দেশে বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদমাধ্যমের কর্মী এবং পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করে।
এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। যদিও পুলিশ সংযমের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিক্ষোভকারীদের একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখে।
এই ঘটনায় দীর্ঘ সময় ধরে যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেন।

