বিশ্বকাপে স্পেনের দাপট, বিদায় নিল উরুগুয়ে আলেক্স বায়েনার গোলে নকআউটে লা রোজা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: গুয়াদালাহারা(স্পোর্টস ডেস্ক ) :: শনিবার ২৭,জুন :: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে উঠল স্পেন। এই পরাজয়ের ফলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেললেও বলের দখল ও আক্রমণাত্মক মানসিকতায় এগিয়ে ছিল স্পেন।প্রথমার্ধের ৪২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়েনা। তাঁর শট উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে জালে জড়িয়ে যায়। সেই ভুলেরই শেষ পর্যন্ত বড় মূল্য দিতে হয় দক্ষিণ আমেরিকার দলটিকে।

গোল হজমের পর দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ফেদেরিকো ভালভার্দে, উগার্তে এবং আক্রমণভাগের খেলোয়াড়রা একাধিক সুযোগ তৈরির চেষ্টা করলেও স্পেনের সংগঠিত রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

ম্যাচের শেষদিকে আক্রমণের ঝড় তুলেও সমতা ফেরাতে পারেনি উরুগুয়ে। উল্টে অতিরিক্ত সময়ে আগুস্তিন কানোব্বিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা উরুগুয়ের হতাশাকে আরও বাড়িয়ে তোলে।

এই জয়ের ফলে স্পেন গ্রুপ ‘এইচ’-এ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নকআউট পর্ব নিশ্চিত করেছে। অপরদিকে উরুগুয়ে তিন ম্যাচে কোনো জয় না পেয়ে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নেয়। একই গ্রুপ থেকে কেপ ভার্দেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ শেষে বলেন, “দল কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে খেলেছে। নকআউট পর্বে যাওয়ার জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ।” অন্যদিকে উরুগুয়ে শিবিরে নেমে আসে গভীর হতাশা। বিশ্বকাপের অন্যতম ঐতিহ্যবাহী দল এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলো।

নকআউটের পথে আত্মবিশ্বাসী স্পেন এখন শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল করে এগোচ্ছে, আর উরুগুয়ের সামনে শুরু হলো আত্মসমালোচনার দীর্ঘ অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =