বিশ্বকাপ মঞ্চে নেই নীল জার্সিরা – চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরপর তিনবার বিশ্বকাপ থেকে বাইরে

সজল দাশগুপ্ত  :: সংবাদপ্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৬,জুলাই :: ২০২৬ বিশ্বকাপ ফুটবল মধ্য গগনে । রাউন্ড অফ ৩২ খেলা শেষ, আজ ভারতীয় সময় অনুসারে মধ্যরাত থেকে শুরু প্রি-কোয়ার্টার ফাইনাল। জমজমাট টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ গুলি উপভোগ করছে ফুটবল প্রেমীরা।

টেলিভিশনের পর্দায় খেলা দেখতে দেখতে স্মৃতি রোমন্থন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ইউরোপ তথা বিশ্বের ফুটবল শক্তিধর ইতালির কথা। ২০১৪ এর পর টানা তিনবার বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করতে পারেনি মালদিনির দেশ। যা ইতালির সমর্থকদের কাছে চরম বেদনার।ইতালিয়ান সিরিয়া বিশ্বের নামকরা ফুটবল লীগের মধ্যে অন্যতম। ইটালিয়ান সিরিয়াতে অনেক নামিদামি ফুটবলার খেলে থাকেন। তারপরেও লাগাতার তিনবার বিশ্বকাপ থেকে বাইরে তারা।

ইতালির ভূমিতে প্রচুর নামকরা ফুটবলারের আবির্ভাব ঘটেছে। একসময় ইতালিয়ান ফুটবলে চাঁদের হাট বসত। স্কিলাচি, মালদিনি,মানচিনি, দোনা দোনি, ব্যাজিও যাদের খেলা দেখবার জন্য স্টেডিয়ামে উপচে পড়তো ভিড়। সোনালী চুলের ফুটবলারদের দাপটে চুরমার প্রতিপক্ষ।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল বলা হয়ে থাকে ইতালিকে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি একসময় বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিল। তবে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় সাম্প্রতিক বছরগুলিতে তাদের পারফরম্যান্স একেবারে তলানিতে।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর তারা আর বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করতে পারেনি। ২০১৮, ২০২২ এবং ২০২৬ পরপর তিনটি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ ইতালি।

ইতালি শেষবার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে অংশ নিয়েছিল। তবে গ্রুপ থেকেই তারা বিদায় নেয়। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুরুটা ভালো করলেও, পরবর্তী ম্যাচগুলিতে যথাক্রমে কোস্টারিকা ও উরুগুয়ের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতাকে থেকে ছিটকে যায়। তারপর থেকেই তাদের খরা চলছে।

২০২৬ সালের হিসাবে ইতালি প্রায় ১২ বছর ধরে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে ইতিহাসের পাতায় তাঁদের সফলতা উল্লেখযোগ্য। ইতালি মোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

১৯৩৪ সালে তারা প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এরপর ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ, ১৯৮২ স্পেন বিশ্বকাপ, ২০০৬ জার্মানি বিশ্বকাপে চ্যাম্পিয়ন।

বিশেষ করে ২০০৬ সালের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইতালি তাদের সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জেতে। সেই জয়ের পর থেকেই দলটির বিশ্বকাপ যাত্রায় ধারাবাহিক অবনতি দেখা যায়।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও টানা তিনটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালির ফুটবল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আপামর ফুটবল সমর্থকদের আশা আবারো তারা স্বমহিমায় ফিরে আসবে, বিশ্ব ফুটবল শাসন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =