বুননে ভেসে উঠলো ইন্দিরাজি আব্দুল কালাম ও মোদিজির মুখ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফুলিয়া :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: ক্যানভাস নয়, রং-তুলিও নয়! সিল্কের জামদানির বুননে ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ । প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় তৈরি হয়েছে এই অভিনব জামদানি ওয়াল হ্যাঙ্গিং।

পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের পরিকল্পনায় তাঁর দলের তাঁতী বিবেক বিশ্বাস তৈরি করেছেন এই লাইন-আর্ট পোর্ট্রেট। আর এই কাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১০ দিন। সবচেয়ে চমকপ্রদ বিষয়—এটি কোনও আঁকা ছবি নয়।

কোড়া সিল্কের ওপর কটন সুতো দিয়ে বুটি তুলে পুরো প্রতিকৃতিটিই তৈরি হয়েছে জামদানি বুনন পদ্ধতিতে।

বীরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাক জানান, তাঁদের টিমের মাধ্যমেই এই কাজ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে এটি উপহার হিসেবে তৈরি করা হয়েছে।

তবে জামদানিতে এমন লাইন-আর্টের কাজ এই প্রথম নয়। ২০১৬-১৭ সাল নাগাদ জামদানিতে নতুনত্ব আনার ভাবনা থেকেই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তৈরি করেছিলেন তাঁরা। এরপর স্বামী বিবেকানন্দ-সহ একাধিক মনীষীর প্রতিকৃতি এবং নানা ধরনের লাইন-আর্ট জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবার জামদানির বুননে উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি।
অভিনব বসাকের কথায়, এই কাজের মাধ্যমে বাংলার তাঁতশিল্পের উৎকর্ষতাকে আরও একবার তুলে ধরতে চেয়েছেন তাঁর বাবা বীরেন কুমার বসাক।

আর শুধু প্রতিকৃতি তৈরি করেই থেমে থাকছে না উদ্যোগ। এই বিশেষ ওয়াল হ্যাঙ্গিংটি বিক্রির জন্য তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের উপহার হিসেবে এটি তাঁর কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কুরিয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবনে এই শিল্পকর্ম পাঠানোর চেষ্টা চলছে।

বীরেন কুমার বসাকের তৈরি জামদানি অবশ্য এর আগেও পৌঁছেছে প্রধানমন্ত্রীর কাছে।
২০২১ সালে পদ্ম পুরস্কার প্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় বীরেনবাবুর কাছ থেকে জামদানি উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরে X-এ বীরেন কুমার বসাকের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, নদিয়ার এই বিশিষ্ট তাঁতশিল্পী তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলেন। বীরেনবাবুর দেওয়া উপহারটি তিনি অত্যন্ত সযত্নে রাখেন বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এবার সেই বীরেন বসাকের হাত ধরেই জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য তৈরি হল তাঁর নিজের প্রতিকৃতি।
তুলিতে নয়, রংয়ে নয়—সুতোয় সুতোয় মোদির মুখ। ফুলিয়ার তাঁতঘর থেকে এবার সেই শিল্পকর্মের গন্তব্য প্রধানমন্ত্রীর বাসভবন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =