সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ২৭,মে :: ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বুধবার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা এলাকায়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দিবাকর হালদার। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পঞ্চায়েতের তরফে জব কার্ড ভেরিফিকেশনের কাজ চলছিল এলাকায়।
সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে পঞ্চায়েতের আধিকারিকরা সরিষা এলাকায় পৌঁছে ছিলেন। অভিযোগ, সেই সময় এলাকায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল।
ঠিক সেই সময় তৃণমূল নেতা দিবাকর হালদার তাঁর অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন। এরপরই শুরু হয় বচসা, যা পরে হাতাহাতি ও মারধরের ঘটনায় পরিণত হয় বলে অভিযোগ। বিজেপি নেতা শান্তনু মণ্ডলের অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রথমে তাঁকে ঘিরে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর পরিবারের সদস্যদেরও নিশানা করা হয়। বিশেষ করে তাঁর বৃদ্ধ বাবা এবং স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শান্তনু। ঘটনায় তিনজনই আহত হন।
স্থানীয়দের একাংশের দাবি, হঠাৎ করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শান্তনু মণ্ডল, তাঁর বৃদ্ধ বাবা ও স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। পরিবারের দাবি, মারধরের ঘটনায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন তাঁরা।
শান্তনু মণ্ডল অভিযোগ করেছেন, এটি শুধুমাত্র ব্যক্তিগত বিবাদ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। তাঁর দাবি, এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনার পর শান্তনু মণ্ডল ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত দিবাকর হালদার এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

