নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শনিবার ২৫,এপ্রিল :: জয়নগর বিধানসভা (১৩৬) এবং বকুলতলী বিধানসভা (১৩৭) এলাকায় বাম-আইএসএফ জোটের সমর্থনে বকুলতলা থানার নতুনহাট সংলগ্ন একটি মাঠে অনুষ্ঠিত হল এক রাজনৈতিক জনসভা।
নির্বাচনের আবহে এই সভাকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সভায় উপস্থিত ছিলেন ভাঙরের আইএসএফ প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, বর্ষীয়ান বাম নেতা কান্তি গাঙ্গুলী সহ একাধিক জোট নেতৃত্ব।
সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে একদিকে ‘মা’ বলে সম্মান জানান, অন্যদিকে তাঁর প্রতি কড়া রাজনৈতিক বার্তাও দেন।
তিনি বলেন, “আপনার বয়স হয়েছে, আপনি অনেক কাজ করেছেন। এবার বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আপনি সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে ঘুরতে যান।”
তাঁর এই মন্তব্যে সভামঞ্চে উপস্থিত সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়—কেউ হাততালি দেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করেন। নওশাদ আরও বলেন, প্রয়োজনে তিনি নিজেই সেই সফরের টিকিট কেটে দিতে প্রস্তুত।
জয়নগরের এই জনসভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য, অন্যদিকে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি—
এই দুইয়ের সমন্বয়ে বাম-আইএসএফ জোট তাদের নির্বাচনী বার্তা আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, এই বার্তা কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে।

