নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৯,জুন :: জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে রাজ ঐতিহ্য ও নিয়ম-নিষ্ঠা মেনে কোচবিহারের শ্রীশ্রী মদনমোহন মন্দিরে পালিত হলো শ্রীশ্রী মদনমোহন দেবের স্নানযাত্রা। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
টানা বৃষ্টিকেও উপেক্ষা করে বহু মানুষ এই পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে মন্দিরে উপস্থিত হন। ধর্মীয় রীতি অনুযায়ী গঙ্গাজল, মধু, ডাবের জলসহ ১০৮ ঘটির পবিত্র জল এবং অন্যান্য উপকরণ দিয়ে শ্রীশ্রী মদনমোহন দেবের মহাস্নান সম্পন্ন হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রা সম্পন্ন হয়।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি শ্রীশ্রী মদনমোহন দেবের প্রতি মানুষের গভীর ভক্তি ও আস্থারই প্রতিফলন।

