ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ! ১৭.৫ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য সুন্দরবনে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: রবিবার ২৬,এপ্রিল :: দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত মন্দিরবাজার থানার ছোট মন্দির এলাকায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটের আগে এমন ঘটনায় রাজনৈতিক মহল থেকে প্রশাসন—সবাই সতর্ক হয়ে উঠেছে। ঘটনার জেরে ইতিমধ্যেই তদন্তে নেমেছে মন্দিরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেই মতো মন্দিরবাজার থানার পুলিশ এবং আইটিবিপি (ITBP) ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে ছোট মন্দির এলাকার একটি ব্যস্ততম রাস্তায় নাকা চেকিং চলছিল। প্রতিটি গাড়ি ও সন্দেহজনক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল, যাতে কোনও বেআইনি কার্যকলাপ রোখা যায়।

এই সময় একটি মোটরবাইকে করে তিনজন যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি কিছুটা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ বাইকটিকে থামানোর নির্দেশ দেয়।

বাইকটি থামতেই আচমকা এক যুবক নেমে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় কিছুটা হতচকিত হলেও তৎপরতার সঙ্গে বাকি দুই যুবককে আটক করে পুলিশ।

এরপর আটক যুবকদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি চালাতেই চমকে ওঠেন কর্তব্যরত পুলিশকর্মীরা। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা। এত বড় অঙ্কের টাকা দেখে সঙ্গে সঙ্গে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং শুরু করা হয় জিজ্ঞাসাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − five =