ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থের বাড়ি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজগঞ্জ :: শনিবার ৫,সেপ্টেম্বর :: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থের বাড়ি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার স্টেশন কলোনি এলাকায়।

গত বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পালের বাড়িতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, জামাকাপড়, টাকা-পয়সা, বইপত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্রও আগুনে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জগদীশ পালের বাড়িতে যান জলপাইগুড়ি জেলা বিজেপির কিষান মোর্চার সভাপতি নকুল দাস।

তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জ ব্লক কো-কনভেনার নারায়ণ চক্রবর্তী, কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য ঝন্টু রায়-সহ স্থানীয় নেতৃত্ব। তাঁরা পরিবারের হাতে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন।

নকুল দাস বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের টাকা-পয়সা, আসবাবপত্র, জামাকাপড়-সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে যতটা সম্ভব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও বইপত্রও নষ্ট হয়েছে। আগামী দিনেও প্রয়োজন অনুযায়ী পরিবারের পাশে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =