ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মালদায় নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৯,মে :: একদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, অন্যদিকে সীমান্তকে ব্যবহার করে চলা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ রুখতে তৎপর হয়েছে জেলা পুলিশ ও বিএসএফ।

এই পরিস্থিতিতে মালদার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার এবং বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কড়া করতে যৌথভাবে কীভাবে কাজ করা যায়, তা নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য দ্রুত আদান-প্রদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয় বাড়িয়ে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রশাসনের দাবি, সীমান্ত সুরক্ষিত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএসএফ ও জেলা পুলিশের এই যৌথ উদ্যোগে সীমান্ত এলাকায় অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =