নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: ভুটানে পাচারের আগে হাতির দাঁত-সহ গ্রেফতার হল দুই ব্যক্তি।
গোপন সূত্রের খবর পেয়ে রবিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বানিয়া সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় জলদাপাড়া বন বিভাগের কোদালবস্তি রেঞ্জ।
রেঞ্জ অফিসার সন্দীপ দাসের নেতৃত্বে বাইক আরোহী দু’জনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু’টি হাতির দাঁত, মোট ওজন প্রায় ১.৬৪ কেজি। ধৃতরা শামুকতলার বাসিন্দা—ইয়াকুব এক্কা ও অজয় রাউতিয়া।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসম থেকে সংগ্রহ করা দাঁত জয়গাঁ সীমান্ত হয়ে ভুটানে পাচারের ছক ছিল তাদের।
বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সহকারী বন্যপ্রাণ সহায়ক নভিকান্ত ঝা। আগের কোনও বেআইনি কাজের সঙ্গে যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

