মগরার বড়পাড়ায় অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন, চাঞ্চল্য এলাকায়

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: মগরা :: শুক্রবার ২৯,আগস্ট :; অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করল প্রশাসন। বৃহস্পতিবার হুগলির মগরা থানার অন্তর্গত বড়পাড়া এলাকার মিলিটারি রোডে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলিটারি রোডের উপর দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে একাধিক অবৈধ নির্মাণ গড়ে ওঠার অভিযোগ ছিল। ওই সমস্ত নির্মাণে বসবাসও করছিলেন কয়েকজন। প্রশাসনের পক্ষ থেকে এর আগেও একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি। কিন্তু অভিযোগ, সেই নোটিশকে কার্যত উপেক্ষা করেই নির্মাণগুলি ব্যবহার করা হচ্ছিল।

বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানের সময় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ এবং মগরা থানার আইসি। প্রশাসনের আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে মিলিটারি রোডের উপর থাকা অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা হয়।

অভিযানের সময় সপ্তগ্রাম পঞ্চায়েতের সদস্য নওশাদ আলীর একটি বিল্ডিংও ওই এলাকায় ছিল বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে সেই নির্মাণটিও ভেঙে দেওয়া হয়। অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি জায়গা দখল করে কোনও ধরনের অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না।

আগামী দিনেও সরকারি জমি দখলমুক্ত করতে এই ধরনের অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =