মন্ত্রী হলেও ‘দীপক স্যার’ই রয়ে গিয়েছেন, প্রিয় প্রধান শিক্ষকের অপেক্ষায় দেওগাঁও হাই স্কুল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ৩,জুন :: মন্ত্রী হলেও ‘দীপক স্যার’ই রয়ে গিয়েছেন, প্রিয় প্রধান শিক্ষকের অপেক্ষায় দেওগাঁও হাই স্কুল l ফালাকাটা ব্লকের প্রত্যন্ত গ্রাম দেওগাঁও। এই গ্রামের শিক্ষার অন্যতম ভরসা দেওগাঁও হাই স্কুল।

সেই স্কুলেরই প্রধান শিক্ষক দীপক বর্মন এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। কিন্তু মন্ত্রী হলেও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও পড়ুয়াদের কাছে তিনি এখনও ‘দীপক স্যার’। ২০১৪ সালে দেওগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আসেন ইংরেজির শিক্ষক দীপক বর্মন।

অল্প সময়ের মধ্যেই তিনি সহকর্মী, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে আপনজন হয়ে ওঠেন। স্কুলের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল।

২০২১ সালে ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরও স্কুলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন তিনি। ২০২৬ সালে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাঁর দায়িত্ব বেড়েছে। ফলে প্রধান শিক্ষকের চেয়ার আজ খালি।

স্কুলের সহকর্মীরা জানান, প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও দীপক বর্মনের স্কুলের প্রতি টান ছিল আলাদা। মিড-ডে মিল কর্মী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রীরাও তাঁর খোঁজ রাখেন। অনেকেই আশা করছেন, সুযোগ পেলেই একদিন আবার তাঁদের প্রিয় ‘দীপক বর্মন’ স্কুলে ফিরে আসবেন।

দেওগাঁও হাই স্কুলের প্রাঙ্গণে তাই এখনও যেন ভেসে বেড়ায় একটাই প্রশ্ন— কবে আবার স্কুলে আসবেন তাঁদের প্রিয় প্রধান শিক্ষক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =