সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: সরকারি ঘোষণা অনুযায়ী ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা থাকলেও এখনও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলে অভিযোগ।
টাকা না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন উপভোক্তারা। সরকারি পোর্টালে স্ট্যাটাস পরীক্ষা করতে গিয়ে কারও ক্ষেত্রে ‘Rejected’, আবার কারও ক্ষেত্রে ‘Processing’ দেখাচ্ছে বলে দাবি মহিলাদের।
সমস্যার সমাধানের আশায় বৃহস্পতিবার বহু মহিলা শিলিগুড়ি এসডিও অফিসে উপস্থিত হন। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সংক্রান্ত সমস্যার সমাধান করতে গিয়ে এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে হচ্ছে।
কখনও উপরতলায় যেতে বলা হচ্ছে, আবার কিছুক্ষণ পর নিচে আসতে বলা হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সমস্যার সঠিক সমাধান মিলছে না বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাঁদের বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় তাঁরা বারবার অফিসে এসে হয়রানির শিকার হচ্ছেন। কারও আবেদন কেন বাতিল হয়েছে, কারও স্ট্যাটাস কেন এখনও ‘Processing’—এই বিষয়ে স্পষ্ট তথ্যও মিলছে না বলে অভিযোগ তাঁদের।
সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে বহু উপভোক্তা এখনও টাকা না পাওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন মহিলারা।

