নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৬,জুন :: পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর থেকে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সেই তুলনায় পর্যাপ্ত সরকারি বাস না থাকায় বহু রুটেই যাত্রীদের দুর্ভোগের অভিযোগ উঠছে।
এবার সেই ছবিই সামনে এল মাথাভাঙ্গা-কোচবিহার রুটে। সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারি বাসে ওঠার জন্য বিপুল সংখ্যক মহিলা যাত্রী বাসের বাইরে অপেক্ষা করছেন। কিন্তু বাসে পর্যাপ্ত জায়গা না থাকায় সকলের পক্ষে ওঠা সম্ভব হচ্ছে না।
বাস ধরার জন্য যাত্রীদের ভিড় অনেকটা রেলস্টেশনে ট্রেন ধরার সময়ের ভিড়ের মতো বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই এই রুটে কর্মজীবী, ছাত্রছাত্রী এবং সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা সরকারি বাসের উপর নির্ভর করেন। ফলে নির্দিষ্ট সময়ে বাস এলেই যাত্রীদের মধ্যে ওঠার হুড়োহুড়ি তৈরি হচ্ছে।
প্রশ্ন উঠেছে, যাত্রীদের চাহিদার তুলনায় সরকারি বাসের সংখ্যা পর্যাপ্ত নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যাত্রীদের ভোগান্তি কমাতে মাথাভাঙ্গা-কোচবিহার রুটে আরও সরকারি বাস চালানো প্রয়োজন।
ভিডিওটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে এবং বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

