নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: বৃহস্পতিবার ৩,সেপ্টেম্বর :: মাঝরাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোদপুরের রামনগর এলাকায়। জানা গেছে, গতকাল রাত প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ রাসমণি মোড়ের আগে রামনগর আর.এন. অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজোরে গাছে ধাক্কা মারে।
বাইকটিতে চালক যুবকের সঙ্গে এক মহিলা ছিলেন। স্থানীয় এক ব্যবসায়ীর থেকে জানা যায় বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। সেই সময় এক ডেলিভারি বয় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান এবং তাঁকে ডাকেন। বাইরে বেরিয়ে দেখা যায়, বাইকটি গাছে ধাক্কা মেরে পড়ে রয়েছে।
বাইক চালক যুবকের মাথা ও কপাল থেকে রক্ত বেরোচ্ছিল এবং পিছনে বসে থাকা মহিলাও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এরপর ডেলিভারি বয়ের মাধ্যমে ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রায় ১৫ মিনিটের মধ্যে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক চালক যুবকের বাড়ি শান্তিনগর এলাকায় এবং বাইকে থাকা মহিলার বাড়ি ঘোলা মানিকডাঙ্গা এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকালে ঘটনাস্থলে বাইকটি দেখতে ভিড় জমাতে শুরু করেন পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা।
তবে দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মধ্যে যে দাবি শোনা যাচ্ছে, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

