নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৭,মে :: অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। তিনি মঙ্গলবাড়ী অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল পুরাতন মালদার নারায়নপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধে ব্যাপক জমায়েত হয় এবং প্রায় চার ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত থাকে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।
এই ঘটনায় মালদা থানার পক্ষ থেকে প্রায় ২০-২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় শামসুল হকও অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে নারায়নপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ওই তৃণমূল নেতা এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন।

