নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭,সেপ্টেম্বর :: রবিবার রাত আনুমানিক ১১টা নাগাদ কালিয়াচক চৌরঙ্গীতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বকুল প্রামাণিক। তাঁর বাড়ি কালিয়াচক থানার নওয়াদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়াচক থানায় গাড়ি চালানোর কাজ করতেন বকুল প্রামাণিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার রাতে থানার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। কালিয়াচক চৌরঙ্গী পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় আহত বকুল প্রামাণিককে দ্রুত সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং পিকআপ ভ্যানটির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

