মুর্শিদাবাদের পর এবার আসানসোলে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল ৫ স্কুলছাত্রী, মিনিবাসের ধাক্কায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৮,জুলাই :: মুর্শিদাবাদের বহরমপুরে শনিবার সকালে স্কুল গাড়ির দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আসানসোলে আরও একটি স্কুলভ্যান দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। তবে এই ঘটনায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

শনিবার সকাল প্রায় ৬টা নাগাদ, আসানসোলের মুর্গাসোলে প্যান্টালুনস শোরুমের কাছে দ্রুতগতির একটি মিনিবাস কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে যাওয়া একটি মারুতি ওমনি ভ্যানে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার জেরে ভ্যানটি প্রায় ২৫ মিটার পর্যন্ত রাস্তার উপর ঘষটে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহত ৫ জন ছাত্রীকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সকলেই আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটি আটক করে এবং রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মুর্শিদাবাদের বহরমপুরে একই দিনে স্কুলগাড়ির দুর্ঘটনায় দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোলে এই দুর্ঘটনা ফের স্কুল সময়ে দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুল চলাকালীন সময়ে ভারী যানবাহন ও দ্রুতগতির মিনিবাসের উপর কড়া নজরদারি, নিয়মিত পুলিশি তৎপরতা এবং বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =