আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৭,এপ্রিল :: বঙ্গবাসীর উদ্দেশে সরাসরি চিঠি লিখে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চিঠিতে তিনি দাবি করেছেন, “ভয়ে কেটেছে অনেকদিন, এবার ভরসা ফিরে আসুক”—এই বার্তাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, “বাংলার মানুষ দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশে বসবাস করছেন। রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং স্বজনপোষণের কারণে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে।”
তিনি আশ্বাস দেন, উন্নয়ন, স্বচ্ছতা এবং নিরাপত্তার ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। চিঠিতে বিশেষভাবে যুবসমাজ, মহিলা ও কৃষকদের কথাও উল্লেখ করেন নরেন্দ্র মোদী ।
তিনি বলেন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর নিরাপত্তা ও কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।
অন্যদিকে, এই চিঠিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেস । তাদের অভিযোগ, ভোটের আগে আবেগপ্রবণ বার্তা দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তৃণমূলের এক মুখপাত্র বলেন, “বাংলা নিজের শক্তিতেই এগোচ্ছে, বাইরের কারও ‘ভরসা’র প্রয়োজন নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চিঠি আসন্ন নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও প্রথমবারের ভোটারদের কাছে পৌঁছনোর জন্য এই ধরনের আবেগঘন বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবেই দেখছেন।
সব মিলিয়ে, বঙ্গরাজনীতিতে এই চিঠি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। “ভয় বনাম ভরসা”—এই বার্তাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে, তা বলাই যায়।।

