নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: যানজটের সমস্যা থেকে শহরবাসীকে স্বস্তি দিতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে আজ শহরে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণে হাটন রোডকে ওয়ান-ওয়ে করা হয়েছে।
উপস্থিত এক পুলিশ আধিকারিক জানান, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। হাটন রোড থেকে ইসমাইল, হাসপাতাল, শনি মন্দির হয়ে আশ্রম মোড় এবং সেখান থেকে রেলস্টেশন পর্যন্ত গোটা রুটের ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে শহরবাসীর কাছে এই উদ্যোগে সহযোগিতা করার পাশাপাশি কিছুটা ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে। আধিকারিকের কথায়, সকলের সহযোগিতা থাকলে এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, হাটন রোডের সামনে দুটি স্কুল রয়েছে এবং বর্তমানে পরীক্ষা চলছে। কিন্তু এই পরিস্থিতিতে বাইক নিয়েও চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।
এর জবাবে পুলিশ আধিকারিক জানান, আজকের জন্য স্কুলের বিষয়টি বিবেচনা করে কিছুটা নমনীয় মনোভাব রাখা হবে।
তবে সকলকে বিকল্প রাস্তা ব্যবহার করার আবেদন জানানো হয়েছে। নির্ধারিত ওয়ান-ওয়ে রুট অনুসরণ করে যত দ্রুত সম্ভব স্কুল বা নিজ নিজ গন্তব্যে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে পুলিশের এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আচমকা এইভাবে ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু করায় সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে। তাঁদের দাবি, আগে থেকে ঘোষণা করে এই ব্যবস্থা চালু করা উচিত ছিল। পাশাপাশি পুজোর মরশুমের পরে এই ধরনের ট্রাফিক পরিবর্তন করা হলে সাধারণ মানুষের আরও সুবিধা হত বলেও মত স্থানীয়দের।

