নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাপাসডাঙ্গা :: সোমবার ২২,জুন :: মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর এলাকার বাসিন্দা ইসমাইল সেখ (২৪) নবগ্রাম থানার নারকেলবাগান গ্রামে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন।
সেখানে একটি বাড়িতে ঢালাইয়ের কাজ করার সময় মাথার ওপর থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
সহকর্মী ও স্থানীয়দের উদ্যোগে তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জরুরি বিভাগের চিকিৎসকরাও তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ইসমাইল। তাঁর অকালমৃত্যুতে মানিকনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও আত্মীয়-স্বজনেরা।

