নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। ইতিমধ্যে চিকিৎসাধীন রোগীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
ঘটনায় মৃত ব্যক্তির নাম তপন ঘোষ বয়স ৬০ বছর ।তাঁর বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, ভর্তির আগে তিনি বিষাক্ত পদার্থ খেয়েছিলেন। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।আজ সকালে হাসপাতালের বাথরুমের ভেতর তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের কর্মীরা।
পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

