সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৩,এপ্রিল :: শিলিগুড়ির শান্তিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক রায় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার । ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিক্রির উদ্দেশ্যেই সে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি নিয়ে এসেছিল।
গোপন সূত্র মার্কেট খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র অনুসারে জানা গেছে, কার্তিক রায়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।
চুরি, পরিকল্পিত ডাকাতির মতো গুরুতর অপরাধে তার নাম জড়িয়েছে বলে দাবি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক কেসও নথিভুক্ত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একসময় টোটো চালালেও ধীরে ধীরে অপরাধ জগতে জড়িয়ে পড়ে কার্তিক। তার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছিল শান্তিপাড়া এলাকা।
গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হলে, বলিউডের জনপ্রিয় সংলাপের ঢঙে ‘পুষ্পা, ঝুকেগা নেহি—ডাইরেক্ট চলেগা’ ধরনের আচরণ করে সে, এমনটাই দাবি পুলিশের একাংশের। তবে তার এই দাপট শেষ পর্যন্ত আইনের সামনে টিকল না।
পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

