শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিরল সাফল্য: গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার ২৬,আগস্ট :: একই দিনে তিন সন্তান গর্ভে ধারণ করা দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অনন্য নজির গড়ল নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘ট্রিপলেট প্রেগন্যান্সি’, এমন বিরল ঘটনায় দুই প্রসূতি মায়ের জরায়ু মুখে সফল অস্ত্রোপচার করে নজিরবিহীন সাফল্য এনে দিলেন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পবিত্র ব্যাপারী ও তাঁর চিকিৎসক দল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাগাছড়ার লক্ষ্মীতলাপাড়ার বাসিন্দা এবং শান্তিপুরের চর সরাগরের বাসিন্দা, উভয়েই গর্ভে তিনটি করে সন্তান ধারণ করে চিকিৎসাধীন ছিলেন। দুই প্রসূতিরই গর্ভধারণের সময়সীমা ছিল যথাক্রমে ১৮-১৯ সপ্তাহ এবং ২২ সপ্তাহের কাছাকাছি।

পাশাপাশি, অতীতেও তাঁদের দুজনেরই একবার করে সিজারিয়ান প্রসবের ইতিহাস ছিল। চিকিৎসকদের মতে, একটির জায়গায় তিনটি সন্তান গর্ভে থাকলে নির্দিষ্ট সময়ের আগেই জরায়ুর মুখ খুলে গিয়ে সময়ের পূর্বে প্রসব বা গর্ভপাতের প্রবল ঝুঁকি তৈরি হয়।

এই জটিল পরিস্থিতিতে চিকিৎসকরা স্পাইনাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে দুই প্রসূতিরই জরায়ু মুখে বিশেষ সেলাই বা ‘ম্যাকডোনাল্ড এনসারক্লেজ’ অস্ত্রোপচার করেন।

চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী জানান, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল হলেও, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তা সফলভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য অন্তত ৩৪ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা, যাতে নবজাতকেরা পরিপক্ব ও সুস্থ অবস্থায় জন্ম নিতে পারে।”

সরকারি হাসপাতালে নিখরচায় এমন উন্নত ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি প্রসূতিদের পরিবার। সীমা সরকার ও কাঞ্চন বিশ্বাসের আত্মীয় সুজাতা সরকার ও দীপ্তি সরকার জানান, পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তাঁরা সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন।

চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ও সেবায় মা এবং গর্ভস্থ সন্তানেরা সুস্থ থাকায় তাঁরা হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =