নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ০১,জুলাই :: শুভাশিস চৌধুরী নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকনা বসুকে নিয়ে কুরুচিকর ও আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাতে। অভিযোগ, ওই ফেসবুক প্রোফাইল থেকে করা পোস্টে বিজেপির জেলা সভাপতিকে উদ্দেশ্য করে অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়। বিষয়টি নজরে আসার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।
এরপর এদিন রাতেই বিজেপির প্রতিনিধিরা পূর্ব বর্ধমান জেলার কালনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ফেসবুক প্রোফাইলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের নেত্রীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তারা এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

