শুভেন্দুর সভার কয়েক ঘণ্টা আগে ফলতায় পুলিশি অ্যাকশন, ধৃত জাহাঙ্গীরের ‘ডান হাত’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: শনিবার ১৬,মে :: ফলতা বিধানসভা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই বড়সড় পদক্ষেপ পুলিশের।

গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত সাইদুল খানকে। তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল খান একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তাঁকে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ‘ডান হাত’ হিসেবেই পরিচয় দেওয়া হতো।

ফলে তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাইদুল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে ফলতা থানায়। অভিযোগকারীদের দাবি, তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাতে আসতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে কারণ, এর মধ্যেই ফলতায় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে এই গ্রেপ্তারি একটি বড় বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =