নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: সরকারি অফিসে রাতের অন্ধকারে ‘পিকনিক’! মাংস রান্না থেকে মিউজিক সিস্টেম—ভাইরাল ভিডিও ঘিরে বালুরঘাটে চাঞ্চল্য।
দিনের বেলায় যেখানে সরকারি কাজকর্ম, রাত নামতেই সেই অফিস চত্বরেই নাকি ‘পিকনিক’-এর আসর! মাংস রান্না থেকে শুরু করে গান বাজানোর আয়োজন—এমনই দৃশ্য ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিওতে।
আর সেই ভিডিও ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। অভিযোগ, বুধবার রাতে জেলা ইন্সপেকশন স্কুল অফ সেকেন্ডারি এডুকেশন অফিস চত্বরে এই আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে অফিস চত্বরে রান্নার আয়োজন এবং মিউজিক সিস্টেম দেখা যাচ্ছে।
সরকারি দপ্তরের ভিতরে রাতের অন্ধকারে এমন আয়োজন কীভাবে সম্ভব হল, তা নিয়েই উঠছে একের পর এক প্রশ্ন।ঘটনার খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে এবিআরএসএম (ABRSM)-এর সদস্যরা।
সংগঠনের অভিযোগ, সরকারি অফিসকে এভাবে ব্যক্তিগত আয়োজনের জায়গা হিসেবে ব্যবহার করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ডিআই এবং পুলিশ প্রশাসনের কাছেও জানানো হয়েছে বলে সংগঠনের দাবি।
তবে এই আয়োজনের সঙ্গে ঠিক কারা যুক্ত ছিলেন, সরকারি কর্মীরা আদৌ এতে জড়িত ছিলেন কি না এবং কী উদ্দেশ্যে অফিস চত্বরে এমন আয়োজন হয়েছিল—তা এখনও স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওটির সত্যতা এবং গোটা ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

