নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: সোমবার ১৩,জুলাই :: পুঞ্চার লাখরা গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু ব্যানার্জি ওরফে ধরম ব্যানার্জি ও পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস।
পুঞ্চা থানার পুলিশ রাত্রে তাদের বাড়ি লাখরা গ্রাম থেকে কাকা-ভাইপো দুজনকেই গ্রেফতার করে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে পাঁড়ুই গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে অভিযোগ চলতি মাসের গত ৭ তারিখ রাত্রি সাড়ে নটার পর সুজয় ব্যানার্জীর নির্দেশে কৃপাসিন্ধু ব্যানার্জি ও চরণপাহাড়ি দাস এই দুই ব্যক্তি ব্লক অফিসে ঢুকে অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের নথি বিকৃত করার চেষ্টা করছিল। সেই সময় বিজেপি কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়।
সেদিনই পুঞ্চা বিডিও লিখিতভাবে অভিযোগ করেন যে উক্ত ব্যক্তিরা অনাধিকার প্রবেশ করেছেন ব্লক অফিসে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় কৃপাসিন্ধু ব্যানার্জী ও চরণ পাহাড়ি দাস। পরের দিন পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর হয়।
আর সেদিনই *বিজেপির পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রে গ্রেপ্তার হন তৃণমূলের এই তাবড় নেতা সহ তার ভাইপো এবং একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
ধৃত তিনজনকে এদিন কোর্টে তোলা হয়েছে ,কোর্টে তুলতেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে কোর্ট চত্তর।

