নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৮,এপ্রিল :: সাংবাদিকদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা শমীক ভট্টাচার্যের |
রাজ্যে ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা ভাতা চালু করা হবে বলে ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য । শনিবার এক নির্বাচনী কর্মসূচিতে তিনি এই প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি সরকার বিশেষ উদ্যোগ নেবে।
শমীক ভট্টাচার্যের দাবি, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অথচ বহু সাংবাদিক, বিশেষত জেলা ও মফস্বলের সাংবাদিকরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। সেই বাস্তবতা মাথায় রেখেই মাসিক ভাতার প্রস্তাব আনা হয়েছে বলে তিনি জানান।
বিজেপি সূত্রের দাবি, এই ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বীকৃত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ তহবিল গঠন, স্বাস্থ্য বিমা এবং পেনশন প্রকল্প নিয়েও ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের একাংশের দাবি, ভোটের মুখে এটি ‘প্রতিশ্রুতির রাজনীতি’, যদিও বিজেপির পাল্টা বক্তব্য—এটি সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।
নির্বাচনী প্রচারে এই ঘোষণা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। সাংবাদিক মহলের একাংশও এই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নজর রাখছেন।
সংবাদ সুত্র :: উত্তরবঙ্গ সংবাদ

