সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরে গ্রেপ্তার ১০, জামতাড়া যোগের সন্ধান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নঈমনগর , মসজিদ মহল্লা, সোনার তরী-সহ একাধিক এলাকায় এবং কয়েকটি হোটেলে অভিযান চালানো হয়।

অভিযানে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তে ধৃতদের সঙ্গে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার সাইবার প্রতারণা চক্রের যোগসূত্রেরও সন্ধান মিলেছে বলে দাবি পুলিশের। অভিযুক্তদের কাছ থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাংকের পাসবই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে সাইবার প্রতারণা চক্রের কার্যকলাপ এবং আরও কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eight =