সিঙ্গিতে সংঘর্ষে রণক্ষেত্র গোটা এলাকা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে রক্তাক্ত একাধিক কর্মী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: বীরভূমের বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের সিঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায়।

মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতরভাবে আহত হন। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূল কর্মীরাই প্রথমে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক আচরণ করে।এরপর বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে দাবি তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক হাতাহাতি ও মারামারি।

অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই প্রথমে উস্কানি দিয়ে তাদের পতাকা ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে দাবি শাসকদলের।

সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মীর মাথা ফেটে যায় এবং তারা গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, পুলিশের সামনেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে |

নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যদিও এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =