সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শনিবার ২৯,আগস্ট :: প্রতিবছরই প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তাড়া করে বেড়ায় সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার মানুষকে।
কখনও ঘূর্ণিঝড়, কখনও জলোচ্ছ্বাস, আবার কখনও নদীভাঙন ও বন্যা—প্রকৃতির রুদ্ররূপে বারবার বিপর্যস্ত হয় বিস্তীর্ণ এলাকার জনজীবন।
ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, নষ্ট হয়ে যায় চাষের জমি, ভেসে যায় মানুষের বহু বছরের সঞ্চয়। আর এই কঠিন সময়ে উপকূলের মানুষের অন্যতম ভরসা হয়ে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য।
আয়লা, আমফান কিংবা ইয়াসের মতো একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের সময় ম্যানগ্রোভ অরণ্য প্রাকৃতিক ঢালের মতো কাজ করেছে।
ঝড়ের গতিবেগ কমানো থেকে শুরু করে জলোচ্ছ্বাসের প্রভাব কিছুটা আটকে দেওয়া—উপকূলবর্তী এলাকার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এই অরণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই ম্যানগ্রোভ অরণ্যের প্রতি মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে রাখিবন্ধন উৎসবের দিন অভিনব উদ্যোগ নিল ডায়মন্ড হারবার ২ ব্লকের বিজেপির কার্যকর্তারা।
রাখিবন্ধনের দিন সাধারণত ভাই-বোনের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার উৎসব হিসেবেই পালিত হয়। কিন্তু এদিন সেই উৎসবকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরলেন বিজেপি কর্মীরা।
উপকূল তীরবর্তী এলাকায় ম্যানগ্রোভ গাছের গায়ে রাখি পরিয়ে পালন করা হল ‘পরিবেশ বন্ধন উৎসব’। গাছের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় এই কর্মসূচিতে।

