হলদিবাড়িতে দ্বিতীয় বর্ষের চড়ক মেলার প্রস্তুতি তুঙ্গে – রোমাঞ্চকর সব খেলা দেখার অপেক্ষায় এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সাউথ বড় হলদিবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী চড়ক মেলা। খালপাড়া চড়ক মেলা কমিটির ব্যবস্থাপনায় এই উৎসবটি এ বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মেলার মূল কার্যক্রম ও চড়কের বিশেষ প্রদর্শনী শুরু হবে। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় সাজ সাজ রব এবং উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে চড়ক গাছে একসাথে চারজন মানুষের ঘূর্ণন।এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য শারীরিক কসরত বা খেলা, যার মধ্যে রয়েছে – মাটির নিচে বিশেষ পদ্ধতি বা চেম্পা পোহর খেলা। জীবন্ত মানুষের মাথার ওপর মুড়ি ভাজা এবং চা বানিয়ে খাওয়ানো। বুকের ওপর চালকুমড়ো বলি দেওয়া।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে থাকছে একটি পাকা কলার ওপর একশো জনের ঝুলে থাকা, যা কোনোভাবেই ভেঙে যাবে না বলে দাবি করেছেন আয়োজকরা।

মেলার অন্যতম আয়োজক এবং চড়ক ধাম সদস্য রঞ্জিত রায় জানান, গজেন্দ্রপুর চৌরঙ্গী মোড় থেকে আগত পারদর্শী শিল্পীরা এই মেলায় অংশ নেবেন।

আবহাওয়া অনুকূলে থাকলে উৎসবের জাঁকজমক আরও বাড়বে। তিনি আরও বলেন, আমরা দ্বিতীয় বছরে পা দিয়েছি, এলাকার সকল স্তরের মানুষ যেন সপরিবারে এসে এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করেন, এটাই আমাদের কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =