হাওড়ার অন্দুলে বহুতলে ভয়াবহ আগুন – মৃত এক বৃদ্ধা – ধোঁয়ায় অসুস্থ ও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন আবাসিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৬,আগস্ট :: বুধবার হাওড়ার আন্দুলে একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এক ৭২ বছর বয়সি বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। এই ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন আবাসিক।

স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর দীর্ঘক্ষণের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আকস্মিক এই ঘটনায় আবাসনের বিভিন্ন তলে বহু মানুষ আটকে পড়েন। গলগল করে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। পুলিশ ও দমকলকর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে বহুতলের ভিতর থেকে আটকে পড়া অন্তত ৮ জন বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে আনেন ।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে জানানো হয়েছে, ওই আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =