নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় গুরুতর জখম হওয়া এক বেসরকারি ল্যাবকর্মীর মৃত্যু হল। মঙ্গলবার মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহম্মদ রব্বানীর। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের কাউয়ামারী এলাকায়।
সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক রূপম দাস গাড়িটি হাসপাতালের সামনে রেখে কাজে গিয়ে ছিলেন।
সেই সময় হাসপাতালের সাফাইকর্মী সিটুল হরিজন চালকের আসনে বসে অ্যাম্বুল্যান্সটি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুল্যান্সটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা রব্বানীকে ধাক্কা মারার পর গাড়িটি একটি লোহার ব্যারিকেডে গিয়ে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর জখম হন রব্বানী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় রব্বানীর পাঁজরের তিনটি হাড় ভেঙে যায়। একদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় কান্নায় ভেঙেছে পরিবার। সঠিক তদন্ত চেয়ে শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

