মনোনয়ন জমায় বর্নাঢ্য মিছিল, উন্নয়ন ও পরিবর্তনের ডাক বিজেপি প্রার্থীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: বর্নাঢ্য শোভাযাত্রায় শক্তি প্রদর্শন, মনোনয়ন জমায় বিজেপি প্রার্থীদের আত্মবিশ্বাসী বার্তা

ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করলেন ফলতা এবং মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের বিশাল উপস্থিতিতে রাজনৈতিক আবহ ছিল তুঙ্গে। ফলতা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী আইনজীবী দেবাংশু পান্ডা এবং মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বণিক—দু’জনেই শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দিতে আসেন।দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, যা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। মনোনয়ন জমা দেওয়ার আগে ও পরে প্রার্থীরা নিজেদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, তিনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। তাঁর কথায়, “ফলতার হারানো গৌরব আমি ফিরিয়ে আনব।

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কারখানাগুলি পুনরায় চালু করা হবে।” তিনি আরও বলেন, শিল্পোন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য, যাতে এলাকার যুবকদের কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে না হয়।

অন্যদিকে, মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উত্তম বণিকও আত্মবিশ্বাসী সুরে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “মগরাহাটে ভয়মুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ ভয়ের মধ্যে বসবাস করছেন, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

উত্তম বণিক আরও বলেন, তিনি মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে চান। তাঁর কথায়, “মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে রাজ্যে পরিবর্তন আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =