“প্রচারে বাধা, প্রার্থীর ওপর হামলা—ফলতায় উত্তপ্ত ভোটের হাওয়া”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: বুধবার ১৫,এপ্রিল :: ভোটের আবহে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ফলতা বিধানসভা কেন্দ্র। নির্বাচনী প্রচারকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘাতের অভিযোগে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাদুরা এলাকায়।

বিজেপির অভিযোগ, তাদের প্রার্থী দেবাংশু পান্ডার ওপর হামলা চালানো হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফলতা বিধানসভার অন্তর্গত ভাদুরা এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে বিজেপির প্রচারে বাধা দেয়।

প্রথমে বচসা শুরু হয়, যা ক্রমে উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনেই প্রচারে নেমেছিলাম। অনুমতি নিয়েই ভাদুরা এলাকায় গিয়েছিলাম।

কিন্তু হঠাৎ করেই আমাদের উপর হামলা চালানো হয়। এমনকি পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seventeen =