নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাবনি :: শুক্রবার ১৭,এপ্রিল :: বারাবনি বিধানসভায় নির্বাচনী আবহে বাড়ছে উত্তাপ। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে এবার বড় চমক—উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা ঘিরে জোর প্রস্তুতি চলছে।
বারাবনির আছড়া স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলা এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, আলো, মাইকিং থেকে শুরু করে নিরাপত্তা—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে খুঁটিনাটি ভাবে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
দলীয় সূত্রে খবর, সভায় ব্যাপক জনসমাগম হবে। কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, যোগী আদিত্যনাথের উপস্থিতি এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে।
এখন নজর, বারাবনির মাটিতে এই জনসভা কতটা ভোটের অঙ্ক ঘুরিয়ে দিতে পারে।

