ব্যানার ঘিরে বেধড়ক মার! ক্যানিং পূর্বে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শুক্রবার ১৭,এপ্রিল :: ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় আইএসএফ কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত শেওড়াদেড়িয়া গ্রামের।

আইএসএফের অভিযোগ, আলাউদ্দিন লস্কর, সালাউদ্দিন লস্কর ও রাকিবুল লস্কর—এই তিন কর্মীর বাড়ির দেওয়ালে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের নির্বাচনী ব্যানার লাগানো হয়েছিল। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে দাবি।

অভিযোগ, ব্যানার লাগানো নিয়ে প্রশ্ন তুলে ওই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম আহতদের বাড়িতে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। দোষীদের কড়া শাস্তির দাবিও জানান তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম জানিয়েছেন, আসল ঘটনা কী ঘটেছে তা খতিয়ে দেখে পরে প্রতিক্রিয়া জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =