নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৭,এপ্রিল :: হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ভীম পাণ্ডে সোমবার দুপুরে একটি উস্কানিমূলক ও হুমকিমূলক ফোন পান। জানা গেছে, তাঁর ফেসবুক মেসেঞ্জারে একটি কল আসে।
ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলা হয়, “বালিতে থাকতে গেলে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর সঙ্গে থাকতে হবে, অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে।”
ফোনে আরও শাসানো হয় যে, তিনি যেন বেশি ‘বাড়াবাড়ি’ না করেন এবং বালিতে রাজনৈতিক কাজ করতে হলে বিজেপির হয়ে প্রচার করেন।
অভিযোগ উঠেছে, যে ফেসবুক প্রোফাইল থেকে ফোনটি এসেছিল তার নাম ছিল ‘বক্সার যোদ্ধা’। এই ঘটনার পরেই ভীম পাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের শাস্তির দাবিতে বেলুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই একটি জিডি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফোনটির উৎস বিহার হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

