সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শুক্রবার ১৭,এপ্রিল :: :শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শেরপুর বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও কৌতূহল।
অনেকেই পরিবার-পরিজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন, শুধু এক ঝলক শ্রাবন্তীকে দেখার আশায়। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের উপস্থিতি এই রোড শো-কে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। খোলা গাড়িতে চেপে রোড শো-এ অংশ নেন শ্রাবন্তী চ্যাটার্জি।
তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান। তাঁর উপস্থিতিতে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে এক আলাদা উদ্দীপনা দেখা যায় ।

