সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ২০,এপ্রিল :: ভোট এখনও বাকি, কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্রে আবহ যেন একেবারে ফলাফল ঘোষণার পরের মতো। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর নির্বাচনী জনসংযোগ কর্মসূচি কার্যত রূপ নিল এক বিশাল বিজয় মিছিলে।
দক্ষিণ ২৪ পরগনার ভোগালী ২ নম্বর অঞ্চলে তাঁর রোড শো ঘিরে উপচে পড়া ভিড় এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস যেন আগাম জয়ের বার্তা দিচ্ছে।
রোড শো শুরুর অনেক আগেই এলাকায় ভিড় জমতে শুরু করে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন শুধুমাত্র প্রার্থীকে একঝলক দেখার জন্য। হাতে ট্রফি, মুখে স্লোগান, আর গলায় দলের পতাকা—
সব মিলিয়ে পরিবেশ ছিল উৎসবমুখর। অনেকেই বলছেন, এই জনসমাগমই প্রমাণ করছে যে ভাঙড়ে এবার পরিবর্তনের হাওয়া জোরদার।
ফুলের মালার পাশাপাশি সমর্থকেরা প্রার্থীর গলায় টাকার মালা পরিয়ে দেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। সমর্থকদের বক্তব্য, এটি তাঁদের ভালোবাসা ও আস্থার প্রতীক, যা প্রার্থীর প্রতি তাঁদের সমর্থনকে আরও জোরালো করে তুলছে।
এছাড়াও রোড শো চলাকালীন বিভিন্ন জায়গায় প্রার্থীকে ফল, ঠান্ডা পানীয় এবং স্থানীয়ভাবে তৈরি নানা খাবার উপহার দিতে দেখা যায়।
কেউ হাতে করে পাকা ফল তুলে দিচ্ছেন, কেউ বা ঠান্ডা জল বা শরবত। এই আন্তরিকতা প্রমাণ করে দিচ্ছে যে প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, ভাঙড়ে এখন ভোটের আগেই জয়ের আবহ স্পষ্ট। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভোটাররাই। তবুও নওশাদ সিদ্দিকীর এই রোড শো ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

