নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: বৃহস্পতিবার ২৩,এপ্রিল :: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫৫-ফারাক্কা বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর বুথে এক বিশেষ দৃশ্য দেখা গেল।
দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত থাকার কারণে বাণী সাহা চক্রবর্তী এতদিন প্রতিটি নির্বাচনে ‘পোস্টাল ব্যালট’-এর মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতেন। তবে অবসর গ্রহণের পর এই প্রথমবার তিনি সরাসরি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন।

বাণী সাহা চক্রবর্তী
ভোট দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাণী সাহা চক্রবর্তী জানান “আমি আগে সরকারি চাকরিতে ছিলাম, তাই সবসময় পোস্টাল ব্যালটেই ভোট দিয়েছি। এই প্রথমবার সরাসরি বুথে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। আমার খুব ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত।”
নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন যে, সকাল থেকে লাইনে কোনো বিশৃঙ্খলা ছিল না। দীর্ঘ আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোটদানের প্রক্রিয়া অত্যন্ত মসৃণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের এই সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি খুশি।
আজকের এই নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি বাণী দেবীর মতো অভিজ্ঞ ব্যক্তিদের এই উৎসাহ গণতন্ত্রের এক ইতিবাচক ছবি তুলে ধরছে। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

